EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে দোকানে হামলা-ভাঙচুর, এলাকায় আতঙ্ক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পিএম

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে দোকানে হামলা-ভাঙচুর, এলাকায় আতঙ্ক
অ অ

বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। একপর্যায়ে রহিমা ট্রেডার্সসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। এতে ওই ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জানা গেছে, কিশোরদের একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে তা মধুপুর গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার বিএনপির দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আড়িয়াঘাট বাজারে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

অভিযোগ উঠেছে, সংঘর্ষের ঘটনায় মধুপর উত্তর পাড়ার পক্ষে নেতৃত্ব দেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলফিকার রহমান জুলফি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন। অন্যদিকে, দক্ষিণ পাড়ার পক্ষে নেতৃত্ব দেন বিএনপি নেতা শাহাদাত জামান মনু প্রধান ও আব্দুল হাই প্রধান। দুই পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে ‍জুলফি-শাহীনের অনুসারীরা বাজারের বিভিন্ন দোকানে ভাঙচুর চালায়। এ সময় রহিমা ট্রেডার্স নামে একটি সার-কীটনাশকের দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ভুক্তভোগী রহিমা ট্রেডার্সের স্বত্বাধিকারী তারা মিয়ার অভিযোগ করে বলেন, সম্প্রতি ইউনিয়নে সারের নতুন ডিলারশিপ পেয়েছেন শাহীন। আমি যেহেতু এলাকায় স্বনামধন্য সার ও কীটনাশক ব্যবসায়ী, তাই সংঘর্ষের সুযোগ নিয়ে তিনি তার অনুসারীদের দিয়ে আমার দোকানে ভাঙচুর চালিয়েছেন।

তারা মিয়া আরও বলেন, আমি কোনো রাজনীতি করি না। আমার পরিবারের কোনো সদস্যও কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না, এখনও নেই। তাহলে আমার দোকানে কেন হামলা হলো। শুধুমাত্র আক্রোশ থেকে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

এ ব্যাপারে বিএনপি নেতা শাহীন হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, মূলত ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উত্তর ও দক্ষিণ পাড়ার বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষের সুযোগে তৃতীয় কোনো পক্ষ দোকানগুলোতে ভাঙচুর চালায়।

রহিমা ট্রেডার্সের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা মিয়ার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তার দোকানে আমরা কেউ হামলা চালাইনি। সংঘর্ষে জড়িত কোনো পক্ষই দোকানপাটে হামলার সঙ্গে জড়িত নয়, তৃতীয় কোনো পক্ষ আমাদের বিপদে ফেলার জন্য এই হামলা চালিয়েছে।

অন্যদিকে, জুলফির মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মোমিনুর রহমান স্বপন বলেন, একটি তুচ্ছ ঘটনা থেকে সংঘর্ষ হয়। দোকানপাটে হামলার বিষয়ে তিনি বলেন, আমাদের দলের কেউ এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান বাবু বলেন, দুই পাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এটা বিএনপির অভ্যন্তরীণ কোনো কোন্দল নয়। শাহীনের দোকানের সামনে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কেউ একজন ধাক্কা দেয়। এরপর উত্তেজনা সৃষ্টি হয়। দুইপক্ষের ইটপাটকেল নিক্ষেপের মাঝে পড়ে যুবদল নেতা জুলফি আহত হন।

তিনি আরও বলেন, ছোট একটি ঘটনায় উস্কানি দিয়েছে আওয়ামী লীগ ও জামায়াতের কিছু লোক। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বাবু বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশসহ প্রশাসনের লোকজনও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দোকানে হামলার বিষয়ে তিনি বলেন, ওই ব্যবসায়ীর দোকানে কেন হামলা হলো সেটা আমারও বুঝে আসে না। কারণ, ওই ব্যক্তি দুই পক্ষের কোনোটির সঙ্গেই নেই। আমরা যখন সংঘর্ষের বিষয়ে আলোচনা করেছি, তখনও তার বিষয়ে কোনো কথা আসেনি। অসৎ কিছু লোক ভিন্ন উদ্দেশ্যে দোকানে হামলা চালিয়ে থাকতে পারে। এটা হয়তো ব্যক্তিগত ক্ষোভ থেকে হতে পারে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিএনপি নেতারা সেখানে থাকলেও এটা দলের অভ্যন্তরীণ কোন্দল নয়।

দোকানপাটে ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ এখনো আমার কাছে আসেনি।

আরও পড়ুন