হাওর থেকে কপ৩১ সম্মেলনে বাংলাদেশি তরুণ যুধিষ্ঠির
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম
বাংলাদেশের হাওরাঞ্চল থেকে বৈশ্বিক জলবায়ু ও পানি নীতিনির্ধারণের আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছেন তরুণ জলবায়ুকর্মী ও গবেষক যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস। জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)-এ সিলেট বিভাগের প্রথম তরুণ প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন তিনি। ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার, পানি নিরাপত্তা, জলবায়ু ন্যায়বিচার এবং নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণের বিষয়গুলো তুলে ধরতে চান যুধিষ্ঠির। তিনি তরুণদের নেতৃত্বাধীন পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংগঠন ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের (ইউক্যান) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। কপ৩১-এ বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়নের সঙ্গেও তাঁর আনুষ্ঠানিক সম্পৃক্ততা রয়েছে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তা হিসেবেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
নতুন সরকারের প্রথম কপ, প্রধানমন্ত্রীর অংশগ্রহণের গুরুত্ব
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর কপ৩১-ই বাংলাদেশের প্রথম জাতিসংঘ জলবায়ু সম্মেলন। ফলে দেশের জলবায়ু কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক আলোচনায় নতুন সরকারের অগ্রাধিকার তুলে ধরার ক্ষেত্রে এবারের সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন বিশ্বনেতাদের সম্মেলন (ওয়ার্ল্ড লিডার্স সামিট) অনুষ্ঠিত হবে ১১ ও ১২ নভেম্বর। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নেবেন বলে ১৮ অক্টোবর তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনাও রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের সম্পৃক্ততাও এবারের সম্মেলনকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। যুধিষ্ঠিরের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার ও তরুণ প্রজন্মের প্রত্যাশা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে গুরুত্ব
এবারের কপ৩১-কে তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ প্রেসিডেন্সি ‘ইমপ্লিমেন্টেশন কপ’ এবং ‘কপ অব দ্য ফিউচার’ হিসেবে অভিহিত করেছে। আগের জলবায়ু সম্মেলনগুলোতে নেওয়া প্রতিশ্রুতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করাই এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য।
এবারের আলোচনায় গুরুত্ব পাবে প্যারিস চুক্তির বাস্তবায়ন, জাতীয় জলবায়ু অঙ্গীকার (এনডিসি), জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি), জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, টেকসই কৃষি এবং সহনশীল অবকাঠামো। পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পাবে। উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও অভিযোজন সক্ষমতা বাড়ানোর বিষয়গুলোও আলোচনায় থাকবে।
বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এসব বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, শুধু আন্তর্জাতিক প্রতিশ্রুতি নয়, সেগুলোর বাস্তবায়ন, পর্যাপ্ত অর্থায়ন এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগও বাংলাদেশের প্রয়োজন।
যুধিষ্ঠিরের লক্ষ্য জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও সহনশীলতা, ক্ষয়ক্ষতি মোকাবিলা (লস অ্যান্ড ড্যামেজ), জ্বালানি রূপান্তর, পানি নিরাপত্তা এবং জলবায়ু ন্যায়বিচার নিয়ে বাংলাদেশের অবস্থান ও অভিজ্ঞতা তুলে ধরা।
হাওর, নদী ও পানি নিরাপত্তা নিয়ে কাজ
যুধিষ্ঠিরের কাজের অন্যতম প্রধান ক্ষেত্র পানি ও জলবায়ুর আন্তসম্পর্ক। বাংলাদেশের হাওর, নদী, জলাভূমি ও উপকূলীয় অঞ্চলের পরিবেশগত সংকট তাঁর নীতিবিষয়ক প্রচারের গুরুত্বপূর্ণ বিষয়। আগাম বন্যা, আকস্মিক বন্যা, অনিয়মিত বৃষ্টিপাত, জলাবদ্ধতা, পানি নিরাপত্তা এবং কৃষিনির্ভর জনগোষ্ঠীর জীবিকার ঝুঁকি নিয়েও কাজ করছেন তিনি।
তাঁর প্রতিষ্ঠিত ইউক্যান জলবায়ু শিক্ষা, পরিবেশ সুরক্ষা, যুব নেতৃত্ব, পানি ও জলবায়ুবিষয়ক প্রচার, গবেষণা এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। সংগঠনটি নীতিগত সংলাপেও যুক্ত রয়েছে। জলবায়ু ঝুঁকিতে থাকা হাওর ও উপকূলীয় অঞ্চলের মানুষের অভিজ্ঞতা জাতীয় ও আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরার ওপর গুরুত্ব দেয় সংগঠনটি।
জাতিসংঘের বিশ্ব পানি সম্মেলনের যুব আয়োজক কমিটিতে ইউক্যান
কপ৩১-এর পর যুধিষ্ঠিরের আন্তর্জাতিক সম্পৃক্ততার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ২০২৬ সালের জাতিসংঘ বিশ্ব পানি সম্মেলন। তাঁর নেতৃত্বাধীন ইউক্যান এ সম্মেলনের যুব আয়োজক কমিটিতে যুক্ত রয়েছে বলে জানা গেছে।
আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। বৈশ্বিক পানি নিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনা নিয়ে এটি জাতিসংঘের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন।
যুব আয়োজক কমিটির অংশ হিসেবে ইউক্যানের দায়িত্বের মধ্যে রয়েছে তরুণদের সম্পৃক্ত করা, যুব নেতৃত্বাধীন উদ্যোগ সমন্বয় করা, আন্তর্জাতিক যুব নেটওয়ার্কের সঙ্গে কাজ করা এবং পানি-সম্পর্কিত নীতিগত আলোচনায় তরুণদের কণ্ঠস্বর তুলে ধরা।
সম্মেলনের অন্যতম লক্ষ্য জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের ষষ্ঠ লক্ষ্য (এসডিজি-৬) বাস্তবায়ন ত্বরান্বিত করা। এ লক্ষ্যের উদ্দেশ্য সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা। পানি সংকট, নিরাপদ পানির প্রাপ্যতা, আন্তসীমান্ত পানি সহযোগিতা, পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পানি সংকট মোকাবিলার বিষয়গুলোও সম্মেলনে গুরুত্ব পাবে।
কপ৩১-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় সাপেক্ষে যুধিষ্ঠিরের আবুধাদির সম্মেলনেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে জলবায়ু ও পানি-সম্পর্কিত দুটি আন্তর্জাতিক নীতিগত প্রক্রিয়ায় বাংলাদেশের তরুণ নেতৃত্বের ধারাবাহিক সম্পৃক্ততার সুযোগ তৈরি হতে পারে।
যুব গবেষণা ও জাতিসংঘের উদ্যোগে সম্পৃক্ততা
জলবায়ু আন্দোলনের পাশাপাশি যুব গবেষক হিসেবেও কাজ করছেন যুধিষ্ঠির। জাতিসংঘের টেকসই উন্নয়ন সহযোগিতা কাঠামোর (এসডিসিএফ) অধীনে ‘ইয়ুথ অ্যাজ রিসার্চার্স’ উদ্যোগে তিনি গবেষক হিসেবে যুক্ত রয়েছেন।
এ ছাড়া জাতিসংঘের যুববিষয়ক উপদেষ্টা দল (ইউএনওয়াইএজি) বাংলাদেশের সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক যুব জলবায়ু নেটওয়ার্কেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।
স্থানীয় অভিজ্ঞতা বৈশ্বিক আলোচনায় তুলে ধরার লক্ষ্য
যুধিষ্ঠিরের জলবায়ু আন্দোলনের শুরু ২০২০ সালে। ঘূর্ণিঝড় আম্পান এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগের অভিজ্ঞতা তাঁকে এ কাজে উদ্বুদ্ধ করে। এরপর স্থানীয় মানুষের সংকট, পরিবেশগত ন্যায়বিচার ও তরুণদের নেতৃত্ব নিয়ে কাজ শুরু করেন তিনি।
যুধিষ্ঠিরের মতে, বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে জাতীয় স্বার্থের পাশাপাশি স্থানীয় বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে। জলবায়ু অর্থায়নে ন্যায্যতা, অভিযোজনের জন্য পর্যাপ্ত সহায়তা, ক্ষয়ক্ষতি মোকাবিলা, পানি ও নদী ব্যবস্থাপনা এবং হাওর ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা দেশের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস বলেন, “বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের প্রভাব বহনকারী একটি দেশ নয়; বৈশ্বিক জলবায়ু সমাধান ও নীতিনির্ধারণেও আমাদের সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন। হাওর, নদী, উপকূল ও জলাভূমির মানুষের বাস্তবতা আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ, জলবায়ু অগ্রাধিকার ও তরুণ প্রজন্মের প্রত্যাশাকে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত করাই আমার অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।”
তিনি মনে করেন, তরুণদের শুধু জলবায়ু আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিলেই হবে না। নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায়ও তাঁদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের বর্তমান সরকারের প্রথম কপ সম্মেলনে প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণ, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব এবং তরুণদের সম্পৃক্ততা—সব মিলিয়ে এবারের সম্মেলন দেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও নীতিগত সুযোগ তৈরি করেছে।
হাওরাঞ্চল থেকে তুরস্কের কপ৩১, এরপর আবুধাবির জাতিসংঘ বিশ্ব পানি সম্মেলন—যুধিষ্ঠিরের এই যাত্রা বাংলাদেশের তরুণ নেতৃত্ব, জলবায়ু ন্যায়বিচার ও পানি নিরাপত্তার বিষয়গুলো আন্তর্জাতিক নীতিনির্ধারণী আলোচনায় তুলে ধরার একটি ধারাবাহিক প্রচেষ্টা।