নিত্যপণ্যের বাজারে অভিযান, ৮৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি: সংগৃহীত
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ২৭ জেলায় ৮৩টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ২৭ জেলায় অধিদপ্তরের ৪৩টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তর জানায়, অভিযানে পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামের বেশি পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে তদারকি করা হয়। হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান মানা হচ্ছে কি না, তাও দেখা হয়।
এ সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিক মজুদ ও সরবরাহে বাধা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।
অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা এতে সহযোগিতা করেন।
ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনা এবং পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। কেনাকাটার সময় সঠিক ওজন নিশ্চিত করার পাশাপাশি বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহ করতেও বলা হয়েছে।
পণ্য কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে। বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
