EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ট্রলিং জালে ধ্বংস হচ্ছে সামুদ্রিক মৎস্যসম্পদ, কঠোর আইনের উদ্যোগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

ট্রলিং জালে ধ্বংস হচ্ছে সামুদ্রিক মৎস্যসম্পদ, কঠোর আইনের উদ্যোগ

ছবি: সংগৃহীত

অ অ

বঙ্গোপসাগরে ক্ষতিকর ট্রলিং জালের ব্যবহার বন্ধে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই জাল ব্যবহারের কারণে সামুদ্রিক মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং মাছের উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমে যাচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনির এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, কক্সবাজার থেকে সাতক্ষীরা পর্যন্ত বঙ্গোপসাগরের মোহনা ও উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে ক্ষতিকর ট্রলিং জাল ব্যবহার করা হচ্ছে। স্পিডবোটের সাহায্যে বিশেষ ধরনের জাল সাগরে টেনে নেওয়া হয়। এতে বড় মাছের পাশাপাশি মাছের রেণু, পোনা ও ডিমও ধ্বংস হচ্ছে। 

তিনি আরও বলেন, প্রশাসনিক পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। এর প্রভাব উপকূলীয় অঞ্চলসহ সারা দেশে পড়ছে।

জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় ট্রলিং জালের ব্যবহার বন্ধ করা জরুরি। সমুদ্রের তলদেশ দিয়ে এসব জাল টেনে নেওয়ার সময় ছোট মাছ ও পোনা মারা যায়। এতে মাছের উৎপাদন কমছে।

মন্ত্রী জানান, অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল ধ্বংস করা হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য সরকার কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। খুব শিগগিরই জাতীয় সংসদে এ বিষয়ে আইন পাসের পদক্ষেপ নেওয়া হবে।

নতুন আইনে ট্রলিং জাল তৈরি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান থাকবে বলেও জানান মন্ত্রী।

আরও পড়ুন