EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম

গোপালগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

অ অ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িসহ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

গোপালগঞ্জ শহরের কয়েকটি স্থানে সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। টুঙ্গিপাড়ায় সংঘর্ষের সময় পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়। কাশিয়ানীতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ এবং কোটালীপাড়ায় মশালমিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, জেলার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা পুলিশ দ্রুত নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় সাংবাদিকদের তথ্য অনুযায়ী, সোমবার রাত থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার এবং অন্তত ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের দাবি করেছে। কাশিয়ানী, কোটালীপাড়া ও সদর উপজেলায় ছয়টি ককটেল বিস্ফোরণের তথ্যও নিশ্চিত করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে শহরের বিসিক ব্রিজ এলাকায় গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে প্রধান সড়ক অবরোধ করেন ছাত্রলীগের সমর্থকেরা। এ সময় পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছেন। পরে শহরের লঞ্চঘাট এলাকায়ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা-খুলনা মহাসড়কের কয়েকটি স্থানেও অবরোধ করা হয়।

টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার সকালে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সহিংসতার মধ্যে জিটি সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পাটগাতী বাসস্ট্যান্ড থেকে চৌরঙ্গী বাজার সড়কের বিভিন্ন স্থানে বাঁশ দিয়ে অবরোধ তৈরি করা হলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

সূত্র: বিবিসি বাংলা

আরও পড়ুন