কুমিল্লায় দুই দিনে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৮৮ নেতাকর্মী গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
কুমিল্লার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রবিবার রাতে আরও ৮১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে দুই দিনে মোট ১৮৮ জন গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এসব কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ একযোগে অভিযান শুরু করেছে।
নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারেন এবং নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারেন, সে লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কোতোয়ালি মডেল থানায় ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৯ জন, চৌদ্দগ্রাম থানায় ৭ জন, চান্দিনা থানায় ৬ জন, বুড়িচং থানায় ৮ জন এবং ব্রাহ্মণপাড়া থানায় ৩ জন রয়েছেন।
এ ছাড়া বরুড়া থানায় ৪ জন, লাকসাম থানায় ৭ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৬ জন, দাউদকান্দি মডেল থানায় ১২ জন, তিতাস থানায় ৪ জন, হোমনা থানায় ৩ জন এবং মেঘনা থানায় ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে দেবিদ্বার থানায় ৬ জন, মুরাদনগর থানায় ৪ জন, বাঙ্গরা বাজার থানায় ১ জন, লালমাই থানায় ৭ জন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৩ জনকে গ্রেপ্তার করেছে।
