EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হাসিনার দেশে ফেরার আইনি পথ কতটা জটিল?

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

হাসিনার দেশে ফেরার আইনি পথ কতটা জটিল?

ফাইল ছবি

অ অ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করার পর তার দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশ সরকার বলছে, পাসপোর্টের মাধ্যমে নয়, ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত আনতে চায় তারা।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর তার পাসপোর্টের বিষয়টি আবার সামনে আসে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে পাসপোর্টের প্রসঙ্গ নয়, প্রত্যর্পণ চুক্তিই সরকারের বিবেচনায় রয়েছে।

তবে কোনো নাগরিক দেশে ফিরতে চাইলে সরকার তাকে বাধা দিতে পারে কি না, সেই প্রশ্নও উঠেছে। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশীদের মতে, বাংলাদেশের সংবিধান, সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো সরকার নাগরিককে নিজ দেশে ফিরতে বাধা দিতে পারে না। তার ভাষ্য, শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক হওয়ায় এখানে আইনের চেয়ে রাজনীতিই বেশি গুরুত্ব পাচ্ছে।

জাতিসংঘের ১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ১৩(২) অনুচ্ছেদে প্রত্যেকের নিজ দেশসহ যেকোনো দেশ ত্যাগ এবং নিজের দেশে ফিরে আসার অধিকার স্বীকার করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদেও নাগরিকের বাংলাদেশ ত্যাগ ও পুনঃপ্রবেশের অধিকার নিশ্চিত করা হয়েছে। তবে এ অধিকার জনস্বার্থে আইনের মাধ্যমে আরোপিত যুক্তিসংগত বিধিনিষেধের অধীন।

বিদেশে অবস্থানরত নাগরিকদের পাসপোর্ট ইস্যু ও নবায়ন করা সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনস্যুলার মিশনের দায়িত্বের মধ্যে পড়ে। কনস্যুলার সম্পর্কিত ভিয়েনা কনভেনশনেও এ ধরনের সেবার বিষয়টি উল্লেখ রয়েছে।

দেশে ফিরতে ট্রাভেল পাসের নজির

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পাসপোর্ট বা দেশে ফেরার অনুমতি নিয়ে জটিলতার ঘটনা নতুন নয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে হয়েছিল।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার দল জানিয়েছিল, ২০১২ সালে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন মামলায় তার সাজা হয়েছিল। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর এসব মামলা থেকে খালাস পান তিনি।

পাসপোর্ট নিয়ে বিতর্কের সময় ২০১৮ সালে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, তারেক রহমান বাংলাদেশে নিরাপদ নন। এ কারণে তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। পরে ২০২৫ সালের নভেম্বরে তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই তাকে একবার ব্যবহারের উপযোগী ট্রাভেল পাস দেওয়া সম্ভব।

অন্যদিকে, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। ৬৩ দিন পর ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ২০১৮ সালে নিম্ন আদালতে খালাস পেলেও ভারত সরকারের আপিলের কারণে তাকে সেখানে থাকতে হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান তিনি। এরপর দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেন।

২০২৩ সালে ট্রাভেল পাস পেলেও তখন দেশে ফেরেননি সালাহউদ্দিন। শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৬ আগস্ট তাকে নতুন করে ট্রাভেল পাস দেওয়া হয়। ১১ আগস্ট বিমানে ঢাকায় ফেরেন তিনি।

এর আগে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ওই বছরের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফরে যান তিনি। ১৬ এপ্রিল ফেরার কথা থাকলেও পরে ২৩ এপ্রিল দেশে ফেরার ঘোষণা দেন। এর মধ্যে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হলে ১৮ এপ্রিল সরকার প্রেসনোটের মাধ্যমে দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করে।

২২ এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়ে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানায়। পরে ২৫ এপ্রিল সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। ৮ মে দেশে ফেরেন শেখ হাসিনা।

পাসপোর্ট বাতিল ও ট্রাভেল পাসের নিয়ম

বাংলাদেশের নাগরিকদের পাসপোর্ট দেওয়া, বাতিল ও এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ‘দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩’ অনুযায়ী। রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা, নিরাপত্তা বা জনস্বার্থে সরকার পাসপোর্ট বাতিল করতে পারে। এ ছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে দুই বছরের বেশি সাজা, আদালতের নিষেধাজ্ঞা, তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়া বা অন্যের নিয়ন্ত্রণে পাসপোর্ট থাকার মতো কারণেও তা বাতিল করা যায়।

শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সাবেক প্রধানমন্ত্রী, উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যসহ পদাধিকারবলে কূটনৈতিক পাসপোর্ট পাওয়া ব্যক্তিদের পাসপোর্ট বাতিলের প্রজ্ঞাপন জারি করে। তখন সরকার জানায়, গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্টও বাতিল করা হয়েছে। তবে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়া ব্যক্তিরা চাইলে সাধারণ পাসপোর্টের আবেদন করতে পারবেন।

বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে বা পাসপোর্ট না থাকলে দেশে ফেরার জন্য বাংলাদেশ মিশন থেকে সাময়িক ভ্রমণপত্র বা ট্রাভেল পাস দেওয়া হয়। এটি সাধারণত একবার ব্যবহারের উপযোগী। দেশে ফেরার পর আবার বিদেশ যেতে হলে নতুন পাসপোর্ট নিতে হয়।

প্রত্যর্পণ চুক্তির বিষয়টি কী

পলাতক অপরাধীদের অন্য দেশ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ প্রযোজ্য। এ আইনের আওতায় প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি থাকতে হয়। বাংলাদেশের সঙ্গে ভারত ও থাইল্যান্ডের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে ২০১৩ সালে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় প্রত্যর্পণযোগ্য অপরাধে অভিযুক্ত, পলাতক আসামি বা কারাগারে থাকা বন্দিদের এক দেশ থেকে অন্য দেশে হস্তান্তরের সুযোগ রয়েছে। তবে চুক্তির একটি ধারায় বলা হয়েছে, যার প্রত্যর্পণ চাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক প্রকৃতির হলে সেই আবেদন প্রত্যাখ্যান করা যেতে পারে।

শেখ হাসিনাকে ফেরত আনতে বাংলাদেশ সরকার এই চুক্তির আওতায় আবেদন জানিয়েছে। তবে চুক্তি থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকারের সময়ে তাকে ভারত থেকে ফেরত আনা সম্ভব হয়নি।

এর আগে প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়াকে ফেরত নেওয়া হয়েছিল। একই বছর, ২০১৫ সালে, নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বজলুল হুদাকে থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনার ঘটনাও আলোচনায় এসেছিল।

আরও পড়ুন