EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কারাগারে সংসদ সদস্য গাজী নজরুল, সংসদে জানালেন স্পিকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

কারাগারে সংসদ সদস্য গাজী নজরুল, সংসদে জানালেন স্পিকার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

অ অ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাগারে রয়েছেন। আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ তথ্য জানান।

স্পিকার কার্যপ্রণালি বিধির ১৭২ বিধি অনুযায়ী পাওয়া একটি নোটিশের সংশ্লিষ্ট অংশ ১৭৬ বিধি অনুসারে সংসদে পড়ে শোনান। এতে গাজী নজরুলের কারাগারে থাকার বিষয়টি জানানো হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে গাজী নজরুলকে ন্যাম ভবনের বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দণ্ডবিধির ৩০৬ ধারায় করা মামলায় ২১ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পরে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় স্বামী ও সতিনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়। ওই মামলায় গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন