EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

১৭ বছর ডামি নির্বাচনে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

১৭ বছর ডামি নির্বাচনে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

অ অ

দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্রের অগ্রযাত্রা নতুন করে শুরু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। বিকেল সাড়ে ৩টায় অধিবেশন শুরু হয়।

স্পিকার বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক প্রকাশ। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। এ জন্য তাঁরা বারবার সাহস ও ত্যাগের পরিচয় দিয়েছেন। 

তিনি বলেন, গণতন্ত্র ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংবিধানের মর্যাদা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষা করা সংসদের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশের ওপর গুরুত্ব দেন তিনি।

মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আর ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত গণঅভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুনভাবে সামনে এনেছে।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশের শান্তি, স্থিতিশীলতা, ন্যায়বিচার ও সমৃদ্ধি কামনা করেন স্পিকার। একই সঙ্গে সংসদ সদস্যরা যেন তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে শক্তি ও প্রজ্ঞা প্রার্থনা করেন তিনি।

আরও পড়ুন