EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পুলিশ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম

শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ প্রতিরোধে পুলিশ কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
অ অ

শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ও শিশু যৌন পাচার প্রতিরোধে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ঢাকার রাজারবাগে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে (ডিটিএস) চার দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু করে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম)। এতে পাঁচটি আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থার ৩৯ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

‘অভ্যন্তরীণ শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ও শিশু যৌন পাচার প্রতিরোধে ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল তদন্ত এবং বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ’ শীর্ষক প্রশিক্ষণ চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত।

প্রশিক্ষণের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন।

অনুষ্ঠানে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা ইসরাত জাহান, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের টিআইপি বিষয়ক রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, আইজেএম বাংলাদেশের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশ নিচ্ছেন অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে ১১ জন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে ১২ জন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে ১০ জন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) থেকে দুজন করে এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে দু’জন। 

চারদিনব্যাপী প্রশিক্ষণে চারজন অভিজ্ঞ প্রশিক্ষক মোট ১৪টি সেশন পরিচালনা করবেন। প্রশিক্ষকবৃন্দরা হলেন- পিবিআই’র এসপি মো. জহুরুল হক; সিআইডি’র এডিশনাল এসএসপি, সিপিসি মি. শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম, বিপি; এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ আশিকুর রহমান এবং আইজেএম’র ইউরোপীয় মানব পাচারবিরোধী কর্মসূচির আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উন্নয়ন ও অংশীদারত্ব বিষয়ক ব্যবস্থাপক ক্যালেব ক্যারল।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান বলেন, মানবপাচার ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শোষণ প্রতিরোধে কার্যক্রম জোরদার করতে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। তদন্ত ও বিচারপ্রক্রিয়ার উন্নয়ন, ভুক্তভোগীদের সুরক্ষা ও সহায়তা জোরদার, প্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি এবং বাণিজ্যিকভাবে শিশুর প্রতি যৌন শোষণের মতো অপরাধ মোকাবিলায় সরকারের সব সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সমন্বিত উদ্যোগ নিশ্চিত করতে উল্লেখযোগ্য প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আগত প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করে রেবেকা খান আরও বলেন, আমাদের সক্ষমতা, অংশীদারত্ব এবং কার্যকর বাস্তবায়ন আরও জোরদার করতে হবে। গৃহীত নীতি, আয়োজিত সভা কিংবা প্রশিক্ষণের সংখ্যার ভিত্তিতে সাফল্য পরিমাপ করা হয় না। বরং শোষণ থেকে সুরক্ষিত শিশুর সংখ্যা এবং ন্যায়বিচারপ্রাপ্ত ভুক্তভোগীদের মাধ্যমে সাফল্য পরিমাপ করা হয়। যেসব তদন্তের মাধ্যমে অপরাধীদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হয়, সেগুলোই সাফল্যের পরিমাপক। সর্বোপরি, আমাদের প্রতিষ্ঠানগুলো যে কার্যকরভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে এবং আইনের শাসন সমুন্নত রাখতে সক্ষম—এ বিষয়ে জনগণের আস্থার মাধ্যমেই সাফল্য পরিমাপ করা হয়।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে এবং অপরাধী চক্রগুলো দ্রুত তাদের অপরাধ সংঘটনের কৌশল ও পদ্ধতি পরিবর্তন করছে। শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। আমাদের তদন্ত যদি কেবল তাৎক্ষণিক অপরাধী বা অপরাধস্থলে সরাসরি শনাক্ত হওয়া ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে অপরাধের সঙ্গে জড়িত বৃহত্তর নেটওয়ার্ক ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার ঝুঁকি থাকে।

তিনি আরও বলেন, চ্যালেঞ্জগুলো অনেক বড়। অপরাধগুলো ক্রমেই আরও জটিল ও কৌশলনির্ভর হয়ে উঠছে, তবে এর মোকাবিলায় আমাদের সম্মিলিত পদক্ষেপ ও সাড়াদান প্রক্রিয়া আরও দক্ষ ও কৌশলগত হতে হবে। 

তিনি এই প্রশিক্ষণের সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করা এবং বাংলাদেশের প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ দেশ গড়ে তুলতে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতি জোড় দেন। 

প্রশিক্ষণে ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট অপরাধের সাম্প্রতিক প্রবণতা এবং মানব পাচার, শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ, সাইবার জালিয়াতি ও অর্থ পাচারের সঙ্গে এই অপরাধের সম্পর্ক তুলে ধরা হবে। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেইনের মৌলিক ধারণা, অপরাধমূলক কর্মকাণ্ডে ডিজিটাল মুদ্রার ব্যবহার এবং উন্মুক্ত তথ্যভিত্তিক গোয়েন্দা অনুসন্ধান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া বাংলাদেশের মানব পাচার পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের মানব পাচারবিষয়ক (টিআইপি) প্রতিবেদনের সাম্প্রতিক বিষয়, অর্থ পাচার ও মুক্তিপণ আদায়ের প্রবণতাও আলোচনায় থাকবে।

ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্লকচেইন বিশ্লেষণ, ডিজিটাল সম্পদের লেনদেন শনাক্তকরণ এবং মানব পাচার-সংশ্লিষ্ট অপরাধী চক্রের আর্থিক কার্যক্রম অনুসন্ধানের দক্ষতা অর্জন করবেন। এ ছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্ক শনাক্ত করে ভেঙে দেওয়া, অনলাইনে তদন্তকারীদের নিরাপত্তা এবং ডার্ক ওয়েবে তদন্তের কৌশল নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। 

এই প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ, শিশু যৌন পাচার মোকাবিলায় তদন্ত কর্মকর্তাদের সক্ষমতা জোরদার করাই এ প্রশিক্ষণের লক্ষ্য। আগামী ১২ নভেম্বর প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চার দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হবে।  

আইজেএম বাংলাদেশের এর লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ৫০ শতাংশ কমিয়ে আনা এবং ৬০ লাখ শিশুর সুরক্ষা নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট আইন ও নীতিমালার কার্যকর বাস্তবায়ন, এই অপরাধ দমন ও প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির জন্য মাঠপর্যায়ের প্রথম সাড়াদানকারী, সিদ্ধান্ত গ্রহণকারী এবং নীতিনির্ধারকদের সহায়তা করছে। আইজেএম বাংলাদেশ ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১১টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে।

আরও পড়ুন