EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকায় গ্রাম পুলিশের সমাবেশে গিয়ে বদরগঞ্জের দফাদারের মৃত্যু

জেলা প্রতিনিধি বদরগঞ্জ (রংপুর)

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

ঢাকায় গ্রাম পুলিশের সমাবেশে গিয়ে বদরগঞ্জের দফাদারের মৃত্যু
অ অ

প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার এক গ্রাম পুলিশ সদস্য। তার নাম জামশেদ আলী। তিনি উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (দফাদার) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ ঘটনা ঘটে। সমাবেশে যোগ দেওয়ার আগে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জামশেদ আলী। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্য ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সারাদেশের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন গ্রাম পুলিশ ঢাকার উদ্দেশে রওনা হন। তাদের মধ্যে ছিলেন লোহানীপাড়া ইউনিয়নের দফাদার জামশেদ আলী।

নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে আজ সকালে তারা জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের অপেক্ষায় ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে প্রবেশপথের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামশেদ আলী। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় আশপাশে থাকা অন্য গ্রাম পুলিশ সদস্য ও দায়িত্ব পালনরত বিমান বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে আসেন। তারা জামশেদ আলীকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন