EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নয়াপল্টন থেকে র‌্যালিতে ৭ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

নয়াপল্টন থেকে র‌্যালিতে ৭ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী
অ অ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে এটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। পুরো পথই হেঁটে অতিক্রম করেন তারেক রহমান।

শোভাযাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা।

এর আগে শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়ক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়।

শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

এ ছাড়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকেও বাসসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকায় আসেন দলীয় নেতাকর্মীরা।

শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং দলের শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। তাদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টনসহ আশপাশের এলাকা।

আরও পড়ুন