সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ডিবির হাতে গ্রেপ্তার তিন
ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার অস্ত্র ও মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদর থানার আকুর ঠাকুরপাড়া এলাকার মৃত দ্বীন মোহাম্মদের ছেলে জসিম উদ্দিন ওরফে শিষনাগ জসিম (৪৫), ফতুল্লার উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি এলাকার মৃত দুলাল হোসেনের ছেলে শফিকুর রহমান রনি (৩৫) এবং পটুয়াখালী সদর থানার মরিচ বুনিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫)। জসিম সিদ্ধিরগঞ্জের পাইনাদি বিল এলাকায় এবং লিটন শান্তিনগরের কামাল হোসেন হাজীর বাড়িতে বসবাস করতেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জসিম মেহেরপুর সীমান্ত এলাকার এক অস্ত্র চোরাকারবারির সঙ্গে যোগাযোগ করে দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচা করে আসছিলেন। পুলিশের দাবি, বন্দর এলাকায় জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র কেনাবেচা করা হতো। মেহেরপুর থেকে অস্ত্র এনে বিক্রির উদ্দেশ্যে শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থানকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, অভিযানে ৭.৬৫ বোরের একটি বিদেশি পিস্তল ও ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।