জামালপুরে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
ডেইলি সান রিপোর্ট, জামালপুর
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম
জামালপুরের মেলান্দহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী ও এক মোটরসাইকেল চালকসহ চারজন নিহত হয়েছেন। নিহত তিনজন একই পরিবারের সদস্য।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩), তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা এবং মেলান্দহ উপজেলার বকুলতলা এলাকার মোটরসাইকেল চালক শওকত হাসান লিখন (৪৫)। লিখন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহতদের মধ্যে রয়েছেন শিহাটা এলাকার মৃত লেঞ্জা মিয়ার ছেলে হযরত আলী (৩৫) ও মো. শাকিল মিয়া (১৬)।
স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে জামালপুর থেকে মেলান্দহের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন মোটরসাইকেলের আরোহী ও অটোরিকশার চালকসহ তিনজন।
দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় সেটি আটক করেন। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
