EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪২ এএম

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

ছবি: সংগৃহীত

অ অ
আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। দিবসটি উপলক্ষে আজ সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এরপর ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা সেনানিবাসে গৃহবন্দি করা হয়। চার দিন পর ৭ নভেম্বর সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য ও সাধারণ মানুষের অংশগ্রহণে পাল্টা অভ্যুত্থান ঘটে। এ সময় জিয়াউর রহমান মুক্ত হন এবং দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন।

বিএনপি দিনটিকে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সিপাহি-জনতার ঐক্যের প্রতীক হিসেবে বিবেচনা করে। দলটির মতে, ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার বিকাশের পথ তৈরি হয়। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের নেতৃত্বে দলটির রাজনৈতিক দর্শন ও কর্মসূচি গড়ে ওঠে। তবে ১৯৭৫ সালের ঘটনাপ্রবাহের মূল্যায়ন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্নভাবে আলোচিত।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি শ্রদ্ধা জানান। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সর্বস্তরের মানুষের ঐক্যেই দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়েছিল। তাঁর মতে, দিনটি দেশের ইতিহাসে শত্রু-মিত্র চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ সময়।

প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ তৈরি করতে হবে। ১৯৭১ সালে যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ সালে ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। ভবিষ্যতে কেউ যাতে দেশের জনগণের অধিকার হরণ করতে বা বাংলাদেশকে অন্যের ওপর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার হওয়া উচিত।

সরকারি ও রাজনৈতিক কর্মসূচি

দিবসটি উপলক্ষে সারা দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনেও পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকায় সাজানো হয়েছে।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে দেশের মসজিদগুলোতে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশুদের বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের জন্য দেশের সব শিশু পার্ক দিনব্যাপী বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়েছে।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গানের আসর এবং প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। টেলিভিশন ও রেডিওতে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি সংবাদপত্রে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হচ্ছে। সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থার পক্ষ থেকেও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে বিএনপি সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে। আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতারা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

ঢাকার বাইরে জেলা ও মহানগর পর্যায়েও বিএনপির উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হবে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। এ ছাড়া সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য টোল মওকুফ করা হয়েছে।

ঐতিহাসিক দিনের মূল্যায়ন

জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত হয়েছিল। তাঁর মতে, ওই সময় জিয়াউর রহমানের মুক্তি এবং পরবর্তী সময়ে দেওয়া ভাষণ দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিল।

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মারুফ কামাল খান ৭ নভেম্বরকে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে সাংবাদিক ও কলামিস্ট গাজীউল হাসান খান দিনটিকে জিয়াউর রহমানের জীবন এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছেন।

বিএনপির নেতাকর্মীদের কাছে দিনটি জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার উপলক্ষ। ৫১ বছর পরও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বরের ঘটনা ও তাৎপর্য নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন