ফরিদপুরে নিহত সেনাসদস্যের বাড়িতে শোকের মাতম
ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
নিহত ল্যান্স কর্পোরাল তিতাস শেখ। ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর বিশেষ অভিযান চলাকালে গুলিতে নিহত ল্যান্স কর্পোরাল তিতাস শেখের মৃত্যুতে ফরিদপুরে তাঁর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
ফরিদপুরে নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গ্রামের বাড়িতে প্রিয় সন্তানকে হারিয়ে মা বাকরুদ্ধ, আর মাত্র চার বছরের সংসারজীবনের মাথায় স্বামীকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী সুমাইয়া আক্তার।
সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে শহীদ সেনাসদস্যের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিতাসের মরদেহ ঢাকা থেকে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারযোগে নগরকান্দা হেলিপ্যাডে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে।
এদিকে নিহত সেনাসদস্যের পরিবারের খোঁজখবর নিতে গ্রামের বাড়িতে ছুটে এসেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। তিনি শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মরদেহ দ্রুত ও রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামে পৌঁছানোর বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সমন্বয় রাখছেন তিনি।
তিতাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁর গ্রামের বাড়িতে ভিড় করছেন শত শত স্বজন, বন্ধু ও পাড়া—প্রতিবেশীরা। সন্তান হারানোর শোকে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা রেখা বেগম।
প্রতিবেশীরা জানান, কর্মজীবনে অত্যন্ত বিনয়ী ও মিশুক প্রকৃতির মানুষ ছিলেন তিতাস। তাঁর এই অকাল প্রয়ানে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে বাড়িতে কদিন আগেও ছিল আনন্দ—কোলাহল, সেখানে এখন শুধুই কান্না আর স্বজন হারানোর হাহাকার।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পের অধীনস্থ এলাকায় যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীরা আচমকা গুলি বর্ষণ শুরু করে। এ সময় একটি গুলি তিতাস শেখের বুকের বাঁ পাশে বিদ্ধ হয়।
মারাত্মক আহত অবস্থায় তাঁকে প্রথমে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দ্রুত রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।