ঋণসংকট সামলাতে সম্পদ বিক্রির পরিকল্পনা সিটি গ্রুপের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
ছবি: সংগৃহীত
ব্যাংকের ঋণের চাপ কমাতে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিভিন্ন সম্পদ বিক্রির পরিকল্পনা করছে সিটি গ্রুপ। এসব সম্পদ বিক্রি করে পাওয়া অর্থের একটি অংশ দিয়ে ঋণ পরিশোধ করতে চায় তারা।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্থিক সংকট মোকাবিলায় সম্পদ বিক্রির পাশাপাশি নতুন বিনিয়োগ আনার উদ্যোগও নিচ্ছে গ্রুপটি।
বিশ্লেষকদের মতে, শুধু সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধের পরিকল্পনা যথেষ্ট নয়। ঋণসংকট থেকে বের হতে সিটি গ্রুপকে নতুন ব্যবসায়িক কৌশল গ্রহণ করতে হবে। কোন কোন খাতে ব্যবসা সম্প্রসারণ করবে, কীভাবে আয় বাড়াবে—এসব বিষয়েও সুস্পষ্ট পরিকল্পনা প্রয়োজন। তা না হলে সম্পদ বিক্রি করে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদে আর্থিক সংকট কাটিয়ে ওঠা কঠিন হতে পারে।
সিটি গ্রুপের কাছে দেশি-বিদেশি ৪৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২৬ হাজার কোটি টাকা ঋণ রয়েছে। এর মধ্যে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে গ্রুপটির ঋণ খেলাপি হিসেবে শ্রেণিকরণ করেছে।
