EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

গোপালগঞ্জে শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসি
অ অ

গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের শ্রেণিকক্ষে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। প্রধান শিক্ষক মো. জিয়াউল হক জানান, ৯ জনের মধ্যে ৭ জন ছাড়পত্র গ্রহণ করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র অনুযায়ী, ৬ অক্টোবর দুপুরে স্কুল ছুটির পর বিভিন্ন শ্রেণির একদল শিক্ষার্থী শ্রেণিকক্ষে ঢুকে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেয়। তাদের ‘জয় বাংলা, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জেলা প্রশাসকের নির্দেশে সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৯ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। টিসি পাওয়া শিক্ষার্থীরা অষ্টম, নবম ও দশম শ্রেণির।

প্রধান শিক্ষক বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী টিসি দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই তিনি বাস্তবায়ন করেছেন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, সবকিছু নিয়ম অনুযায়ী হয়েছে।

এ সিদ্ধান্তকে ঘিরে গোপালগঞ্জে নানা আলোচনা শুরু হয়েছে। একটি রাজনৈতিক স্লোগানের জেরে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এমন সিদ্ধান্তের প্রভাব কী হবে, তা নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন