EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার পেলেন বগুড়ার রবিউল

ডেইলি সান রিপোর্ট, বগুড়া

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার পেলেন বগুড়ার রবিউল

শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার হাতে বগুড়ার রবিউল হাসান।

অ অ

শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি হিসেবে জাতীয় শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন বগুড়ার এস এম রবিউল হাসান। জাতীয় যুব দিবস (১ নভেম্বর) উপলক্ষে রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে তিনি এ পুরস্কার নেন।

রবিউল হাসান বগুড়া মহানগরীর উত্তর চেলোপাড়ার বাসিন্দা। ২০১০ সালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে তিনি ‘অগ্রগতি বহুমুখী যুব ও সমাজকল্যাণ সংস্থা’ প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের শিক্ষা, প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করছেন।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে শিক্ষা উপকরণ দিয়েছেন। প্রশিক্ষণ দিয়ে ৩২৯ জনকে আত্মকর্মী করেছেন, নারীদের স্বাবলম্বী করতে ১২১ জনকে সেলাই মেশিন দিয়েছেন। কৃষি ও খামারের সঙ্গে যুক্ত ৩৩০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া ১২ জনকে অটোরিকশা ও ইজিবাইক এবং ব্যবসা শুরুর জন্য ১১৭ জনকে আর্থিক সহায়তা দিয়েছেন। আরও ১০৭ জনকে কর্মসংস্থানে সহযোগিতা করেছেন।

সামাজিক সচেতনতায়ও তিনি সক্রিয়। বৃক্ষরোপণ, নিরক্ষরতা দূরীকরণ, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী প্রচার, মাদকবিরোধী কার্যক্রম, বিনা মূল্যে চিকিৎসাশিবির, ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতেও তাঁর সংগঠন কাজ করে।

রবিউল হাসান বলেন, তাঁর লক্ষ্য শুধু সাময়িক সহায়তা নয়, বরং মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া। তাঁর মতে, যুবসমাজের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত উন্নয়ন-ভাবনায় যুব কর্মসংস্থান, শিক্ষার প্রসার, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন