টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ কলেজছাত্র গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ তামিম শেখ (১৯) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গীসংলগ্ন শেখ লুৎফর রহমান সেতুর টোল প্লাজা থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার তামিম গওহরডাঙ্গা গ্রামের মাহাবুব হোসেন মুরাদের ছেলে। তিনি এ বছর টুঙ্গিপাড়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনাটি নিশ্চিত করে বলেন, তামিম কয়েক মাস ধরে মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তামিমকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।