EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রাণিসম্পদ খাতে ৮৫ শতাংশ ভ্যাকসিনই আমদানি করতে হয়: প্রতিমন্ত্রী

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে

ডেইলি সান রিপোর্ট, সাভার

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পিএম

প্রাণিসম্পদ খাতে ৮৫ শতাংশ ভ্যাকসিনই আমদানি করতে হয়: প্রতিমন্ত্রী

বিএলআরআইয়ের কর্মশালায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অ অ

দেশে প্রাণিসম্পদ খাতে প্রয়োজনীয় ভ্যাকসিনের মাত্র ১৫ শতাংশ দেশীয়ভাবে উৎপাদিত হয়, বাকি ৮৫ শতাংশ আমদানি করতে হয় বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 

বুধবার (৪ নভেম্বর) সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আমদানিনির্ভরতা কমাতে গবেষণা ও উদ্ভাবন আরও জোরদারের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আমদানিনির্ভরতা হ্রাস ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। গবেষণা, উদ্ভাবন ও সম্মিলিত প্রচেষ্টায় সক্ষমতা বাড়িয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, বিএলআরআইয়ের বিজ্ঞানীদের গবেষণায় প্রাণিসম্পদ খাতে নতুন প্রযুক্তি যুক্ত হয়েছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দুটি ভ্যাকসিন প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে। ভবিষ্যতে প্রযুক্তি হস্তান্তরের গতি আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিরাপদ খাদ্য উৎপাদনের বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ‘ওয়ান হেলথ’ ধারণা গুরুত্ব পাচ্ছে। তাই প্রাণিসম্পদ খাতে উৎপাদিত প্রতিটি পণ্য নিরাপদ রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।

অ্যান্টিবায়োটিক প্রসঙ্গে তিনি বলেন, অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলায় সচেতনতা বাড়াতে হবে। প্রান্তিক খামারিদের যথেচ্ছ ব্যবহার থেকে বিরত রাখতে প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদার করতে হবে।

অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন। তবে একটি পক্ষ শ্রমিকদের কাজে যোগদানে বাধা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। এ ধরনের ষড়যন্ত্রে কোনো লাভ হবে না মন্তব্য করে তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক, ঢাকা জেলার প্রশাসক মো. ইয়াসিন ফেরদৌস মুরাদ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান। এ ছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা, শিক্ষক, বিজ্ঞানী ও খামারিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন