EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রোবোটিক সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণের সনদ পেলেন অধ্যাপক রফিকূল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

রোবোটিক সার্জারিতে উচ্চতর প্রশিক্ষণের সনদ পেলেন অধ্যাপক রফিকূল

ছবি: সংগৃহীত

অ অ

চীনে রোবোটিক সার্জারির ওপর উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলামকে সনদপত্র দেওয়া হয়েছে।

গত ২৫ থেকে ৩১ অক্টোবর চীনের সাংহাইয়ের পুডং গংলি হাসপাতালে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে তিনি রোবোটিক সার্জারির আধুনিক প্রযুক্তি, ব্যবহারিক প্রয়োগ ও উন্নত অস্ত্রোপচার পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।

বুধবার (৪ নভেম্বর) বিএমইউতে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক রফিকূল ইসলামের হাতে সনদপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

এ সময় উপাচার্য বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে তাল মেলাতে নতুন প্রযুক্তি গ্রহণের পাশাপাশি দক্ষ জনবল তৈরি জরুরি। রোবোটিক সার্জারির মতো উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। অধ্যাপক রফিকূল ইসলামের এই প্রশিক্ষণ দেশের চিকিৎসা শিক্ষা ও আধুনিক অস্ত্রোপচার পদ্ধতির বিকাশে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

অধ্যাপক রফিকূল ইসলাম প্রশিক্ষণের সুযোগ ও সনদ হস্তান্তরের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। অর্জিত অভিজ্ঞতা দেশের চিকিৎসা শিক্ষা ও আধুনিক অস্ত্রোপচার চিকিৎসার উন্নয়নে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী এবং বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, চিকিৎসক ও শিক্ষকরা অনুষ্ঠানে অংশ নেন।

আরও পড়ুন