EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার কারণে দেশের অর্থনীতি, সমাজ ও পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। দীর্ঘদিনের এ সংকট সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সহযোগিতা চান প্রধানমন্ত্রী।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে লিউ হাইশিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন। জবাবে প্রধানমন্ত্রীও শি জিনপিং ও চীনের প্রিমিয়ার লি ছিয়াংকে শুভেচ্ছা জানান।

রোহিঙ্গা সংকটের বিষয়ে লিউ হাইশিং বলেন, চীন এ পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগের কথা তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে জানাবেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। লিউ হাইশিং বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। এর ভিত্তিতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশের উন্নয়নেও চীনের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বাংলাদেশ ও চীনের সম্পর্কের ভিত্তি তৈরি হয়। ঐতিহাসিক এ সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বন্ধুত্ব ও সহযোগিতার ঐতিহ্য এগিয়ে নিতে হবে। এ সময় ২০ হাজার কিলোমিটার খাল খননের সরকারি উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।


বৈঠকে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডর এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও কথা হয়।

সাক্ষাৎকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন