EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্তর্জাতিক যাতায়াত ও বাণিজ্য সহজ করার পাশাপাশি মানব পাচার, অবৈধ অভিবাসনসহ সীমান্তপারের অপরাধ মোকাবিলায় কাজ করছে সরকার।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত ‘বাংলাদেশে ইমিগ্রেশন ও সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে কৌশলগত রূপরেখা (২০২৭–২০৩১)’ শীর্ষক ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ ভ্রমণ ও বাণিজ্য সহজ করতে হবে। এ জন্য ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার এবং সরকারি সেবার মধ্যে সমন্বয় বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, বিমানবন্দর, স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মানবাধিকার ও নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দিতে হবে। এ কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আইওএমের প্রস্তাবিত কৌশলগত রূপরেখাকে স্বাগত জানিয়ে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান মন্ত্রী। একই সঙ্গে উন্নয়ন সহযোগীদের প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা বাড়ানোর অনুরোধ করেন তিনি।

ব্রিফিংয়ে আইওএমের বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডে বলেন, অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে কার্যকর ব্যবস্থা, দক্ষ জনবল ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন। সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে সহযোগিতা করতে আইওএম আগ্রহী।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ, কানাডা ও ইতালির কূটনৈতিক মিশনসহ বিভিন্ন অংশীদার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বৈধ যাতায়াত ও বাণিজ্য সহজ করার পাশাপাশি মানব পাচার, আন্তঃসীমান্ত অপরাধ এবং পরিচয় জালিয়াতি মোকাবিলার উপায় নিয়ে মতবিনিময় হয়।

আইওএমের প্রস্তাবিত রূপরেখায় সহযোগিতার চারটি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো—সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যবস্থা ও তথ্য আদান-প্রদান, প্রাতিষ্ঠানিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নির্বাচিত সীমান্ত পয়েন্টে অবকাঠামো ও সেবার উন্নয়ন।

আরও পড়ুন