পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের প্রথম সভা আজ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
ছবি: সংগৃহীত
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ ছয় সদস্যের মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে। বর্তমান ১২ হাজার ৫০০ টাকা থেকে মজুরি বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন শ্রমিকরা।
শ্রমিক অসন্তোষ, মজুরি বৃদ্ধির দাবি ও একের পর এক কারখানা বন্ধের ঘটনায় চাপে রয়েছে দেশের তৈরি পোশাক খাত। এমন পরিস্থিতিতে নতুন মজুরি নির্ধারণে বোর্ডের কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে।
বিজিএমইএ, ট্রেড ইউনিয়ন নেতা ও সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, প্রথম সভার মধ্য দিয়ে মজুরি বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সভায় শ্রমিকদের দাবি, মালিকপক্ষের সক্ষমতা ও শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
গত রবিবার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ছয় সদস্যের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। একই দিন মন্ত্রণালয় এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।
শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্য, বাসাভাড়া, পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই নতুন মজুরি নির্ধারণের পাশাপাশি দ্রুত তা কার্যকরের সময়সীমা ঘোষণার দাবি জানিয়েছেন তারা।
এদিকে মজুরি বোর্ড গঠনের পরও শ্রমিকদের আন্দোলন থামেনি। ঢাকা, মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, ১ নভেম্বর শ্রমিক অসন্তোষে পাঁচটি শিল্পাঞ্চলের ৫২৯টি কারখানার উৎপাদন ব্যাহত হয়। ওই দিন প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কর্মস্থল ছেড়ে বেরিয়ে যান।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দ্রুত মজুরি বোর্ডের সভা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। কারখানা চালু রাখতে মালিকপক্ষ চেষ্টা করছে বলেও জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকার আহ্বান জানান।
সংশোধিত শ্রম আইন অনুযায়ী, নতুন মজুরি কাঠামো ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। এখন বোর্ডের প্রথম সভায় মজুরি নির্ধারণের সময়সীমা ও পরবর্তী পদক্ষেপ নিয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই নজর শ্রমিক ও মালিকপক্ষের।