EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মোংলা বন্দরে অবকাঠামো উন্নয়নের একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম

মোংলা বন্দরে নতুন দুই কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল মোংলা সফরে গিয়ে বন্দরের সুবিধা সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়নে নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে চার লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে বন্দরটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মোংলা বন্দরে অবকাঠামো উন্নয়নের একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ২২ অক্টোবর মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শন করেন তারেক রহমান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহম্মেদ মোস্তফা জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী বন্দরে পৌঁছাবেন। এরপর বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

বন্দর চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হবে।

গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নে চুক্তি স্বাক্ষরিত হয়। এর মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৪৭৫ কোটি টাকা। বাকি ৩ হাজার ৫৯৩ কোটি টাকা অর্থায়ন করবে চীন।

প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার দৈর্ঘ্যের কনটেইনার টার্মিনাল ও ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি বিপজ্জনক পণ্য (ডেঞ্জারাস কার্গো) হ্যান্ডলিংয়ের ব্যবস্থাও থাকবে। নতুন কনটেইনার ইয়ার্ডে যুক্ত করা হবে ৪৯টি যন্ত্রপাতি। এর মাধ্যমে ঘণ্টায় ৩০টির বেশি কনটেইনার খালাস করা সম্ভব হবে। সব মিলিয়ে বছরে চার লাখ টিইইউ (২০ ফুট সমমানের কনটেইনার) হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করবে মোংলা বন্দর।

এদিকে একই দিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বন্দরের ৯ নম্বর জেটিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।


বন্দরের কর্মসূচি শেষে বৃহস্পতিবার সড়কপথে বাগেরহাটে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হজরত খানজাহান আলীর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর খুলনায় গিয়ে ‘নতুন কুঁড়ি সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

প্রকল্পটি বাস্তবায়িত হলে মোংলা বন্দরের কনটেইনার পরিবহন সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি-রপ্তানি বাণিজ্য ও রেলভিত্তিক পণ্য পরিবহনে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন