উচ্ছেদ দুইটি অবৈধ স’মিল
লক্ষ্মীপুরে দুই অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৭ এএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে লাইসেন্সবিহীন দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ভাটার চুল্লি সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী করা হয়েছে এবং কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। এ ছাড়া জ্বালানি কাঠ ব্যবহারের জন্য স্থাপিত দুটি অবৈধ করাতকল (স’মিল) উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রামগতি উপজেলায় মেসার্স শাহপরান ব্রিকস ম্যানুফ্যাকচারার ও মেসার্স মদিনা ব্রিকস ম্যানুফ্যাকচারার নামের দুটি ইটভাটায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইটভাটা দুটির চিমনি বিনষ্ট করা হয়। পানি ছিটিয়ে ও ভেঙে চুল্লি দুটি সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী করা হয়। পাশাপাশি ভাটায় প্রস্তুত করা কাঁচা ইট ভেঙে দেওয়া হয়। এ ছাড়া জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের উদ্দেশ্যে স্থাপিত দুটি অবৈধ স'মিল উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।