EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ন্যায্য মজুরি নিশ্চিতে কাজ করছে সরকার: ডিসি ফরিদা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

ন্যায্য মজুরি নিশ্চিতে কাজ করছে সরকার: ডিসি ফরিদা

ছবি: সংগৃহীত

অ অ

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য যৌক্তিক দাবি পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। একই সঙ্গে শ্রমিকদের উসকানি, অপপ্রচার ও স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সাভার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

ফরিদা খানম বলেন, পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ অন্যান্য দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইতোমধ্যে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এতে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি একজন নিরপেক্ষ প্রতিনিধি রয়েছেন। সংশ্লিষ্ট সবার মতামত, শিল্পের সক্ষমতা ও শ্রমিকদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। শিগগিরই এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

শ্রমিকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, তাঁদের ন্যায্য দাবিকে ব্যবহার করে কোনো মহল যেন দেশের শিল্পকারখানা ও অর্থনীতির ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ কিংবা উৎপাদন বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরাই। এতে তাঁদের কর্মসংস্থান ও জীবিকা হুমকির মুখে পড়বে। তাই শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায়ের আহ্বান জানান তিনি।

তৈরি পোশাকশিল্পকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে ফরিদা খানম বলেন, এ শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা ও দেশের রপ্তানি আয় জড়িত। উৎপাদন সচল রাখতে শ্রমিক ও মালিক—উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি মালিকদেরও শ্রমিকদের যৌক্তিক দাবি ও অধিকার গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

সভায় ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, শ্রমিক সংগঠনের নেতা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন