EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ে সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ

ছবি: সংগৃহীত

অ অ

বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে গঠিত কমিটি। পাশাপাশি বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে একাধিক সুপারিশ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সংসদ ভবনে কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় সংসদ সচিবালয়ে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা নিয়ে একটি ত্রিমাত্রিক (থ্রিডি) উপস্থাপনা দেখানো হয়। এ সময় সংসদ সচিবালয়ের বিদ্যুৎ চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভবনের বায়ু চলাচল এবং সোলার প্যানেল বসানোর উপযোগী ফাঁকা জায়গা নিয়ে আলোচনা হয়। বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সোলার প্যানেলের উপযুক্ত ক্ষমতা নির্ধারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। 

বিদ্যুতের অপচয় রোধে জনসচেতনতা বাড়ানো এবং ভবনের সব বাতি সেন্সরের আওতায় আনার সুপারিশ করে কমিটি। অপচয়ের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

সংসদ ভবন কমপ্লেক্সে সোনালী ব্যাংকের শাখা ও আবাসিক এলাকার বিদ্যুৎ বিল যথাযথভাবে আদায়ে সাব-মিটার বা প্রিপেইড মিটার স্থাপনের সুপারিশ করা হয়।

এ ছাড়া মসজিদের এসি ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শ দেওয়া হয়। সংসদ অধিবেশন চলাকালে নামাজের এক ঘণ্টা আগে এবং অন্য সময়ে আধা ঘণ্টা আগে এসি চালু করার সুপারিশ করা হয়।

সভায় ডিপিডিসির মাধ্যমে সোলার পাওয়ার সিস্টেম চালুর জন্য ডিপিপি তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ করা সংসদ ভবন এলাকার খেলার মাঠের বরাদ্দ ও চুক্তির তথ্য যাচাই করে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংসদ সচিবালয়, বিদ্যুৎ বিভাগ, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

আরও পড়ুন