EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ শুরু

ছবি: সংগৃহীত

অ অ

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করতে বরিশালে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণের মাধ্যমে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বরিশাল জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবির, সহকারী পরিচালক জাবির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের দায়িত্বে নিয়োজিত ৩৬ জন তথ্য সংগ্রহকারীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়। এসব প্রযুক্তিসামগ্রীর মাধ্যমে উপকারভোগী পরিবারের তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ, সংরক্ষণ ও যাচাই-বাছাই করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এ কর্মসূচির সুফল যাতে প্রকৃত সুবিধাবঞ্চিত ও উপযুক্ত পরিবারের কাছে পৌঁছায়, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা, পক্ষপাতিত্ব কিংবা অনিয়মের সুযোগ রাখা যাবে না। প্রতিটি পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করতে হবে।

তিনি আরও বলেন, তথ্য সংগ্রহকারীরা এ কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। তাঁদের সংগৃহীত তথ্যের ভিত্তিতেই উপকারভোগী নির্বাচনসহ পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। তাই দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো ব্যক্তি বা মহলের প্রভাবের কাছে নতি স্বীকার না করে সরকারি নির্দেশনা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করতে হবে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ ধাপ হলো মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ। এ ক্ষেত্রে তথ্য সংগ্রহকারীদের দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। একটি ভুল তথ্যের কারণে প্রকৃত উপকারভোগী তালিকা থেকে বাদ পড়তে পারেন, আবার অযোগ্য কেউ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন। তাই প্রতিটি তথ্য যাচাই করে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, তথ্য সংগ্রহের সময় প্রতিটি পরিবারের প্রকৃত অবস্থা সরেজমিনে যাচাই করতে হবে। কোনো ধরনের তাড়াহুড়া, অনুমাননির্ভর তথ্য কিংবা পরিচিতির ভিত্তিতে তালিকা প্রস্তুত করা যাবে না। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে তথ্য সংগ্রহের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

কোনো প্রকৃত উপকারভোগী যাতে বাদ না পড়েন এবং অনুপযুক্ত কেউ যাতে এ কর্মসূচির সুবিধা নিতে না পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন