EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম

১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু
অ অ

অবশেষে আইনি কাঠামোয় আসছে দেশের সড়কে চলাচল করা ব্যাটারিচালিত রিকশা। আজ সোমবার (২ নভেম্বর) থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় তিন চাকার ব্যাটারিচালিত এসব যানবাহনের নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

প্রথম ধাপে যানবাহনগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। এরপর পর্যায়ক্রমে চালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। সম্প্রতি এ-সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করে গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

গেজেটে বর্ণিত নিয়ম অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা। এক বছর পর প্রতিবার নবায়ন করতে লাগবে চার হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী বহনকারী রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি অনুমোদিত ই-রিকশা সর্বোচ্চ ১২ বছর চলাচলের সুযোগ পাবে। এ ছাড়া কিউআর কোডযুক্ত ফিটনেস সনদের জন্য আলাদাভাবে এক হাজার টাকা দিতে হবে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত নকশা অনুযায়ী সব ই-রিকশা তৈরি করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, পুরোনো রিকশাগুলোকেও বুয়েটের নির্দেশিত নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে নিতে হবে। যানবাহনগুলোর মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ইতোমধ্যে সাত সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, রাজধানী ঢাকায় ই-রিকশা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য পুরো এলাকাকে আটটি জোনে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারটি করে মোট আটটি ভিন্ন রঙের জোন থাকবে। এক জোনে নিবন্ধিত রিকশা অন্য জোনের সীমানায় প্রবেশ করতে পারবে না।

নতুন বিধিমালায় নিবন্ধন ছাড়া চলাচল, নির্ধারিত সীমার বেশি যাত্রী বহন, অতিরিক্ত গতি, অননুমোদিত ব্যাটারি বা চার্জিং ব্যবস্থা ব্যবহার এবং ট্রাফিক সংকেত অমান্য করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন