EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মজুরি বোর্ড গঠন, শ্রমিকদের কারখানায় ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

মজুরি বোর্ড গঠন, শ্রমিকদের কারখানায় ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ছবি: সংগৃহীত

অ অ

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ড গঠনের পর শ্রমিকদের আন্দোলন ছেড়ে নিজ নিজ কারখানায় কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর (সংশোধিত ২০২৬) ১৩৮ ধারার বিধান অনুযায়ী ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে রাখা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট শিল্পের মালিকপক্ষের সদস্য হিসেবে এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাবুল আখতারকে মনোনীত করা হয়েছে। 

মজুরি বোর্ড গঠনের বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, এর মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রধান দাবি পূরণ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকেরা দ্রুত রাজপথ ছেড়ে নিজ নিজ কারখানায় কাজে ফিরবেন এবং উৎপাদন স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবেন।

নতুন নিম্নতম মজুরি কবে ঘোষণা করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মজুরি বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। বোর্ডের সদস্যরা দ্রুত স্বাধীনভাবে আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে উপযুক্ত মজুরি নির্ধারণ করবেন।

আরও পড়ুন