মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বন্ধ মেট্রোর পাঁচ স্টেশন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুর-১০-এ সড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুর-১০-এ সড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে এ সংঘর্ষের পর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতির কারণে মেট্রোরেলের পাঁচটি স্টেশনও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশন বন্ধ করা হয়। পরে শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।
এর আগে সকাল থেকেই মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে পোশাকশ্রমিক এসে সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ এবং পল্লবীসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।
একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। দুপুর ১২টার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিরপুর-১০ এলাকার নিয়ন্ত্রণ নেয়। এ সময় পোশাকশ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-২, ১১ ও ১৪ নম্বরের সড়কে বিক্ষিপ্তভাবে অবস্থান নেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর-১০ এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সীমিত পরিসরে কিছু যানবাহন চলাচল শুরু হলেও সড়ক প্রায় ফাঁকা। পুলিশ কাউকে রাস্তায় দাঁড়াতে দিচ্ছে না।
মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই হাফিজুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এলাকা। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।’