সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৪ এএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে বাকি ৭ জনের মরদেহ শনিবার (৩১ অক্টোবর) সকালে দেশে পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট বিজি-৩৩৬ এ মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শনিবার সকাল থেকেই নিহতদের আত্মীয়স্বজনরা বিমানবন্দর প্রাঙ্গনে মরদেহের জন্য অপেক্ষমান ছিল।
ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া নিহত সাত বাংলাদেশি হলেন- নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।
গত ৯ আগস্ট রিয়াদের মানফুহা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন।
জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। এ কারণে বাংলাদেশ দূতাবাসের বিশেষ ব্যবস্থাপনায় মরদেহগুলো প্রথমে সড়কপথে রিয়াদ থেকে জেদ্দায় নেওয়া হয়।
পরবর্তীতে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়।
