EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আনিসুল-সালমানসহ পাঁচ আসামির বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ

তবে আসামিপক্ষের দেশি আইনজীবীদের পরামর্শক হিসেবে সহযোগিতা দিতে পারবেন বিদেশি আইনজীবীরা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৭ এএম

আনিসুল-সালমানসহ পাঁচ আসামির বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ

ছবি: সংগৃহীত

অ অ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি পাচ্ছেন না সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমানসহ পাঁচ আসামি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ বার কাউন্সিলের বৈঠকে তাদের আবেদন সর্বসম্মতিক্রমে নাকচ করা হয়েছে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, একাধিক যুক্তিসংগত কারণ দেখিয়ে আবেদনগুলো বাতিল করা হয়েছে। কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশের আদালতে মামলা পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের কোনো নজির নেই। শ্রীলঙ্কাসহ বিশ্বের অনেক দেশের আদালতেও বিদেশি আইনজীবীরা সরাসরি মামলা পরিচালনা করতে পারেন না।


বার কাউন্সিলের মতে, বিদেশি আইনজীবীদের বাংলাদেশের আদালতে মামলা পরিচালনার সুযোগ দেওয়া হলে পেশাগত অসদাচরণের ক্ষেত্রে তাদের জবাবদিহির আওতায় আনা বা ব্যবস্থা নেওয়ার বিষয়ে বার কাউন্সিল আইনে কোনো বিধান নেই। সার্বিক দিক বিবেচনায় বিদেশি আইনজীবীদের সরাসরি মামলা পরিচালনার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আসামিপক্ষের দেশি আইনজীবীদের পরামর্শক হিসেবে সহযোগিতা দিতে পারবেন বিদেশি আইনজীবীরা।

বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চাওয়া পাঁচ আসামি হলেন—জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্য দুজন হলেন, আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে প্রতিবেদন তৈরির অভিযোগে অভিযুক্ত একাত্তর টিভির সাবেক বিশেষ প্রতিনিধি সাংবাদিক ফারজানা রূপা।

নিজ নিজ পক্ষে মামলা পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে তারা বার কাউন্সিলে আবেদন করেছিলেন। বৃহস্পতিবার বিকেলের বৈঠকে সদস্যরা আবেদনগুলো নিয়ে মতামত দেন। পরে সর্বসম্মতিক্রমে সেগুলো নাকচ করা হয়।

বার কাউন্সিলের এক সদস্য জানান, বৈঠকে সিদ্ধান্তের পাশাপাশি এর সুনির্দিষ্ট কারণও উল্লেখ করা হয়েছে। আগামী বৈঠকে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পর লিখিত আকারে প্রকাশ করা হবে।

আরও পড়ুন