পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের গুলিতে নিহত ২
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পিএম
পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০)। তাদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটের কার্যালয়ে বসেছিলেন। এ সময় মুখোশ পরা কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তারা পালিয়ে যান।
স্থানীয় লোকজন গুলিবিদ্ধ সালাম হাজী ও রিপনকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল। এর জেরেই প্রতিপক্ষের লোকজন তাদের গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।