EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজউকের আওতাধীন লেক দূষণমুক্ত করতে নতুন উদ্যোগ

১৫ নভেম্বরের মধ্যে কাজ শুরুর নির্দেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ পিএম

রাজউকের আওতাধীন লেক দূষণমুক্ত করতে নতুন উদ্যোগ
অ অ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকার লেকগুলো দূষণমুক্ত করতে এবং পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এ লক্ষ্যে যেসব ভবনে সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নির্মাণের অনুমোদিত নকশা রয়েছে, সেসব ভবনের মালিকদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্মাণকাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে লেকের দূষণ নিয়ন্ত্রণে গঠিত কারিগরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, যেসব ১ হাজার ২৬৯টি ভবনে সেপটিক ট্যাংক, সোক ওয়েল ও স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) নির্মাণের জন্য চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে, সেসব ভবনের তালিকা সংশ্লিষ্ট সোসাইটিগুলোকে সরবরাহ করা হবে।

সিদ্ধান্ত অনুযায়ী, সেপটিক ট্যাংক ও সোক ওয়েলের কাঠামোগত নকশা রাজউক থেকে অনুমোদন নিতে হবে। এ-সংক্রান্ত আবেদন পাওয়ার তিন দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে রাজউককে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শুরু না করলে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

সভায় রাজধানীর লেকগুলোর দূষণের উৎস চিহ্নিত করা, পানির গুণগত মান উন্নয়ন, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা এবং লেকগুলোর পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রফিকুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কে এম মোহাম্মদ হুমায়ুন কবীর, গুলশান, বারিধারা ও বনানী সোসাইটির প্রতিনিধি এবং নিকেতন সোসাইটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন