শাহজালাল মাজারে আসা দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, সিলেট
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম
সিলেটে নারী পাচারের চেষ্টায় গ্রেপ্তার যুবক রামিম আহমদ।
হযরত শাহজালাল (রহ.) মাজারে জিয়ারত করতে আসা দুই নারীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি ৯।
মঙ্গলবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রামিম আহমদ জৈন্তাপুরের ওই এলাকার কলিম উল্লাহর ছেলে।
এসআরবি-৯ জানায়, নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামের বাসিন্দা সাগরিকা বেগম (৩৯) গত ৮ অক্টোবর সকালে সিলেটে মাজার জিয়ারত করতে আসেন। সেখানে নাছরিন বেগম নামে আরেক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। দুজন মিলে জাফলং ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন। মাজারের সামনে থেকে ৪০০ টাকা ভাড়ায় রামিমের মাইক্রোবাসে ওঠেন তাঁরা।
অভিযোগ অনুযায়ী, গাড়িতে ওঠার পরপরই রামিম তাঁদের ভারতে উচ্চ বেতনের চাকরির প্রস্তাব দেন। রাজি না হওয়ায় তাঁদের ভয়ভীতি দেখানো হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই নারীকে জৈন্তাপুর মডেল থানার নিজপাট ইউনিয়নের ডিবির হাওর শাপলা বিল এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনের সহায়তায় তাঁদের ভারতে যাওয়ার জন্য প্রলোভন ও চাপ দেওয়া হয়।
অভিযুক্তদের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে এবং পাচারের আশঙ্কায় দুই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। পরে সাগরিকা বেগম বাদী হয়ে জৈন্তাপুর থানায় মামলা করেন।
শহিদুল ইসলাম সোহাগ বলেন, মামলার পর এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে রামিমকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।