হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড
ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ পিএম
হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে শাশুড়ি জাহানারা বেগমকে হত্যার দায়ে জামাতা অলিউর রহমান অলি (৪২)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক কাঁকন দে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত অলিউর রহমান অলি (৪২) মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে।
আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৯ মে সকালে স্বর্ণালংকার কেনার কথা বলে শাশুড়ি জাহানারা বেগমকে নিয়ে বাড়ি থেকে বের হন অলিউর রহমান অলি। এরপর জাহানারা বেগম নিখোঁজ হন। পরে ১ জুন চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে বেতবাগান থেকে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরদিন পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে মরদেহটি নিজের মা জাহানারা বেগমের বলে শনাক্ত করেন তাঁর ছেলে মিজানুর রহমান। এ ঘটনায় তিনি বাদী হয়ে অলিউর রহমানকে একমাত্র আসামি করে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ২১ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে বুধবার রায় দেন বিচারক। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. গুলজার আহমেদ খান। তিনি বলেন, ২১ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামতের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে।