পররাষ্ট্র সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের মতবিনিময়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম
ছবি: সংগৃহীত
পরিবর্তনশীল বিশ্বে কূটনীতির ধরন ও বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিভিন্ন অগ্রাধিকার নিয়ে পররাষ্ট্র সার্ভিস একাডেমির প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
৩২তম বিশেষায়িত কূটনৈতিক প্রশিক্ষণ কোর্স (এসডিটিসি) এবং আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে চতুর্থ পেশাগত স্নাতকোত্তর (পিএমআইআরডি) কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে আলোচনায় তিনি সময়োপযোগী কূটনৈতিক যোগাযোগ ও কার্যকর ফলাফল অর্জনের ওপর গুরুত্ব দেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) মতবিনিময়ে বাণিজ্য সহজীকরণ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত বলেন, সহায়তার পরিবর্তে বাণিজ্যকে অগ্রাধিকার দিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার সুযোগ রয়েছে।
তিনি অভিন্ন জাতীয় স্বার্থ চিহ্নিত করে দ্বিপক্ষীয় যোগাযোগের মাধ্যমে উভয় দেশের জন্য বাস্তব সুফল নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া এবং ভবিষ্যৎ কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করায় রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পররাষ্ট্র সার্ভিস একাডেমি।
