আইসিসিবিতে শুরু পাঁচ দিনব্যাপী জাতীয় ফার্নিচার মেলা
ক্রেতারা সর্বোচ্চ ১৫ শতাংশ মূল্যছাড়ও পাবেন। মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ এএম
ছবি: সংগৃহীত
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে আসবাবের আধুনিক নকশা ও পণ্য প্রদর্শন করছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনামূল্যে মেলা ঘুরে দেখা যাবে। ক্রেতারা সর্বোচ্চ ১৫ শতাংশ মূল্যছাড়ও পাবেন। মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
মোহাম্মদ হাসান আরিফ বলেন, দেশের আসবাব শিল্প স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান রাখছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এ খাতে রপ্তানি প্রবৃদ্ধিও ইতিবাচক ছিল।
এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক জানান, দেশে প্রায় ৩০ হাজার কোটি টাকার আসবাবের বাজার গড়ে উঠেছে, যার বড় অংশ দেশীয় শিল্পের দখলে। অন্যদিকে, সেলিম এইচ রহমান বলেন, এ শিল্পের উন্নয়নে মান, নকশা ও প্রযুক্তিতে বিনিয়োগের পাশাপাশি সহজ অর্থায়ন ও দক্ষ জনবল নিশ্চিত করা প্রয়োজন।
মেলায় আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, পারটেক্স ও রিগালসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিচ্ছে। মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি)।