নোংরা পরিবেশে খাবার তৈরি, কুসুম বেকারিকে জরিমানা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জে নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে কুসুম বেকারি অ্যান্ড কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করে ভ্রামমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ কেরানীগঞ্জ এলাকার পশ্চিম কালিন্দীর ব্রাহ্মণকিত্তায় এই অভিযান চালান।
অভিযানে দেখা যায়, বেকারির মেঝে, সিঁড়ি, দরজা-জানালা ও যন্ত্রপাতিতে ময়লার স্তর জমে আছে। এ ছাড়া রেফ্রিজারেটরে কেকের সঙ্গে কাঁচা মাংস রাখা ছিল। কোনো ধরনের লেবেল ছাড়াই বিভিন্ন কেক, বিস্কুট ও খাদ্যদ্রব্য রাখা হয়েছিল।
এ সময় বেকারির মালিক হালনাগাদ ফায়ার লাইসেন্স ও প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোলের প্রমাণপত্র এবং পানি পরীক্ষার সনদ দেখাতে ব্যর্থ হয়।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
