আইজিপির ক্রসফায়ার ফেরানোর বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম
ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য সরকারকে বিব্রত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপরাধ দমনে দেশে পর্যাপ্ত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত কোনো পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে কাজ করতে হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আইজিপির ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের এ ধরনের বক্তব্য তাদের ভাবিয়ে তুলেছে। একই সঙ্গে তা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।
রিজভী বলেন, দেশে আইন থাকা সত্ত্বেও অপরাধ দমনে আইনবহির্ভূত পদ্ধতি গ্রহণের প্রয়োজন নেই। প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেআইনি পদ্ধতি অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেই বিএনপি ক্ষমতায় এসেছে। তাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবিক পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আইনবহির্ভূত পদ্ধতির পরিবর্তে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ দমনে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে যুবসমাজের ভূমিকা নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, যুবকদের সুসংগঠিত থাকতে হবে এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে। তারা কোনো ধরনের টেন্ডারবাজি বা চাঁদাবাজিতে জড়াবেন না। একই সঙ্গে যুবকেরা যেন মানুষের ভীতির কারণ হয়ে না দাঁড়ান, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।
রিজভী বলেন, যুবদল এ ধারাবাহিকতা বজায় রেখেছে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। যুবকদের দায়িত্বশীল কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।