১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থার মাশুল দিচ্ছে দেশ: জ্বালানিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ পিএম
বাংলাদেশকে গত ১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থার মাশুল দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত রিনিউয়েবল এনার্জি ফেস্টে তিনি এ মন্তব্য করেন।
জ্বালানিমন্ত্রী বলেন, বিকল্প উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির লক্ষ্যে আলজেরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। গত সাত-আট মাসে এলএনজি কিনতে এক বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে।
পল্লী বিদ্যুতের লাইনে ত্রুটি শনাক্তকরণ যন্ত্র না থাকায় ত্রুটি সারাতে সময় লাগছে এবং লোডশেডিং বাড়ছে বলেও জানান তিনি।
সেচকাজে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত সরকারের অপরিকল্পিত কুইক রেন্টাল নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা এলোমেলো হয়ে গেছে।
তিনি বলেন, ‘বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ বুঝতে হলে জানতে হবে অতীতের ঘটনাপ্রবাহ। আগামী অধিবেশনে বিশেষ জ্বালানি আইন চূড়ান্ত হবে।’
সৌরবিদ্যুতের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, আগামী নভেম্বর থেকে সোলার এক্সিবিশন শুরু হবে।
এদিকে, বাস্তব কারণেই লোডশেডিং হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নির্বাচিত সরকারকে বোঝার কেউ নেই।’