ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে ২০ টিম, অনিয়মে জরিমানা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে ২০টি পরিবীক্ষণ টিমকে কঠোরভাবে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারি বাসায় অপরিচ্ছন্ন পরিবেশ বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা ও ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও আবাসিক কোয়ার্টার পরিদর্শন করেছেন। এসব জায়গায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা ও অপরিচ্ছন্নতার চিত্র পাওয়া গেছে।
পরিবীক্ষণ টিমের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, কোথাও অনিয়ম বা মশার লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং জরিমানা করতে হবে। সরকারি বাসা পরিষ্কার রাখতে না পারলে সংশ্লিষ্ট কর্মচারীদের বরাদ্দ বাতিল করা হতে পারে।
ঢাকার লেক ও খাল পরিষ্কারের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেকের সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলছে।
ডাস্টবিন চুরি ঠেকাতে ফাইবার বোর্ডের ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত হয়েছে। দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে এসব ডাস্টবিন বসাবে।
২০টি টিম সমন্বিতভাবে কাজ করলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০টি জোনে ২০টি পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনে ১০টি করে কমিটি কাজ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব কমিটির নেতৃত্ব দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে সভায় ২০টি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
