নজরুলের সাম্য ও মানবতার চর্চায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ এএম
ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, নজরুলের জীবন ও দর্শন অনুসরণ করে ন্যায়ভিত্তিক, মানবিক ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
রবিবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিমন্ত্রী বলেন, নজরুল নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছিলেন। তাঁর সাহিত্য ও সংগীতে মানুষের অধিকার, মর্যাদা ও শোষণমুক্ত সমাজের বার্তা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিকতা, সৃজনশীলতা ও নৈতিকতা বিকাশের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে নজরুলের কবিতা, গান, হামদ ও নাত চর্চার মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বাড়ানোর আহ্বান জানান।
প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে মীর হেলাল বলেন, শুধু জয় নয়, নিয়মিত অনুশীলন ও সাংস্কৃতিক চর্চা চালিয়ে যাওয়াও গুরুত্বপূর্ণ। জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন তিনি।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
