একনেকের বৈঠক স্থগিত, পিছিয়ে গেল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প
মূলত প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে গত রাতে বৈঠক স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
রবিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকটি হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের।
পরিকল্পনা কমিশন অনিবার্য কারণে বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।
সরকারিভাবে স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, মূলত প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে গত রাতে বৈঠক স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, রোববার সন্ধ্যার ফ্লাইটে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সফরের আগে তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলের দাপ্তরিক কাজ শেষ করতে হবে। একনেকের বৈঠক শুরু হলে তা দুপুরের খাবারের আগে শেষ করা সম্ভব হতো না। সব দিক বিবেচনায় নিয়ে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
রবিবারের বৈঠকে অনুমোদনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা।
অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ খনন প্রকল্প। এ ছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও তালিকায় ছিল।
বৈঠক স্থগিত হওয়ায় এসব প্রকল্পের অনুমোদন আপাতত পিছিয়ে গেছে। পরবর্তী বৈঠকের তারিখ সম্পর্কে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।