EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পঞ্চগড়ে তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি, শীতের আগমনী বার্তা

ডেইলি সান রিপোর্ট, পঞ্চগড়

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম

পঞ্চগড়ে তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি, শীতের আগমনী বার্তা
অ অ

কার্তিকের হিমেল হাওয়া ও কুয়াশায় উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের আমেজ শুরু হয়েছে। ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোরে কুয়াশা আর হালকা ঠান্ডা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

আজ রবিবার (২৫ অক্টোবর) ভোরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় তীব্র রোদ থাকলেও রাতের শেষ ভাগে তাপমাত্রা কমে যাচ্ছে। এতে ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশি।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে ফ্যান চালানোর প্রয়োজন পড়ছে না। মধ্যরাতের পর হালকা কাঁথা বা পাতলা কম্বল গায়ে দিতে হচ্ছে। ভোরে ঘাসের ডগায় জমছে শিশির। কুয়াশাচ্ছন্ন সকালে ঠান্ডা হাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে।

সকালের ঠান্ডা উপেক্ষা করেই কাজে নামছেন পাথরশ্রমিক ও চাশ্রমিকেরা। হালকা গরম কাপড় গায়ে জড়িয়ে নদীতে পাথর সংগ্রহ এবং চা-বাগানে পাতা তোলার কাজ করছেন তারা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তার কারণে এ অঞ্চলে শীতের আবহ তৈরি হয়েছে। ভোরে কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাচ্ছে। তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কমতে পারে।

আরও পড়ুন