খুলনায় সন্ধানী ক্লিনিকে মুখোশধারীদের তাণ্ডব, ছোড়া হলো গুলি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪২ এএম
ছবি: সংগৃহীত
খুলনায় সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় ক্লিনিকের বিভিন্ন কক্ষের কাচ, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। পরে ক্লিনিকের বাইরে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ক্লিনিকের এক কর্মকর্তা আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কমার্স কলেজের বিপরীতে ক্লিনিকটির নিজস্ব ভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে ৮ থেকে ১০ জন মুখোশধারী ব্যক্তি সন্ধানী ক্লিনিকের ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা প্রবেশপথে অধ্যাপক ডা. মো. কুতুবউদ্দিন মল্লিকের চেম্বারের সামনের কাচ ভাঙচুর করে। পরে ডা. মোয়াজ্জেম হোসেনের চেম্বারের সামনের কাচ এবং ভেতরের চেয়ার-টেবিল ভাঙচুর করে। এরপর তারা ক্যাশ কাউন্টারের সামনে গিয়ে সেখানে থাকা কাচ ভেঙে ফেলে।
হামলার সময় আতঙ্কিত চিকিৎসকেরা আত্মরক্ষার্থে সরে যান। ক্লিনিকের ভেতরে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরাও আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা ক্লিনিক থেকে বের হওয়ার সময় বাইরে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে এক রাউন্ড গুলি ছোড়ে। এরপর তারা হেঁটে বাবুখান রোডের দিকে চলে যায়।
এ ঘটনার আগে দুর্বৃত্তরা ক্লিনিকের রিপোর্ট প্রদানকারী ইকবাল হোসেনের ব্যবহৃত একটি মুঠোফোন ছিনিয়ে নেয় বলে জানা গেছে। হামলায় ক্লিনিকের কর্মকর্তা সুরেশ রায় আহত হয়েছেন। তবে তার আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ক্লিনিকের সুপারভাইজার কল্যাণী বলেন, রাতে তারা স্বাভাবিকভাবে কাজ করছিলেন। রাত সাড়ে ৯টার দিকে মুখোশধারী কয়েকজন ব্যক্তি ভাঙচুর করতে করতে ক্যাশ কাউন্টারের সামনে এসে হামলা চালায়। এ সময় তারা বাইরে বেরিয়ে যান। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর আবার ভেতরে প্রবেশ করেন তারা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতাও পাওয়া যাচ্ছে না। ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিরা যে-ই হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।