২৯ অক্টোবর প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই প্রস্তাবের ভিত্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা শেষ করতে অতিরিক্ত সময় লাগে।
এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এসব পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।
এ বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হয়।